দুর্নীতি, অনিয়ম এবং কর্মীদের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কাকদ্বীপের আইসিডিএস কর্মীমহল। দশ দফা দাবিকে সামনে রেখে বুধবার (৪ নভেম্বর) কাকদ্বীপ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে ডেপুটেশন জমা দিল কাকদ্বীপ ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সংগঠনের মূল অভিযোগ, ক্যারিং কন্ট্রাক্টর বিশ্বনাথ কামিলার বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি আইসিডিএস কর্মীদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এই সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত, কর্মীদের উপর হয়রানি বন্ধ এবং তাঁদের ন্যায্য দাবিগুলি দ্রুত কার্যকর করার দাবিতেই এদিন সরব হন তাঁরা।
আইসিডিএস কর্মী প্রতিভা পাজা কুণ্ডু এই ডেপুটেশনের উদ্দেশ্য ও অভিযোগের বিষয়গুলি তুলে ধরেন। এদিনের কর্মসূচিতে প্রায় ৭০ থেকে ৮০ জন আইসিডিএস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সিডিপিও আধিকারিকের কাছে দশ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদিকা আসমা খাতুন জানান, তাঁরা তাঁদের সমস্ত অভিযোগ ও দাবির কথা সিডিপিও আধিকারিকের কাছে জানিয়েছেন। সরকারের উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে কর্মীদের দুর্ভোগ আরও বাড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এখন দেখার, আইসিডিএস কর্মীদের এই দশ দফা দাবি এবং ক্যারিং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। কর্মীদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত সমাধানের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।


Post A Comment:
0 comments so far,add yours