বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বড়সড় ভাঙন দেখা দিল শাসক শিবিরে। সোমবার বিকেলে নামখানার সাত মাইল বাজারে আয়োজিত বিজেপির এক জনসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক।
এদিন সাগর বিধানসভার বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডলের সমর্থনে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তাঁর হাত থেকেই দলীয় পতাকা গ্রহণ করেন দলত্যাগী কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস বর্তমানে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। তৃণমূল ছেড়ে আসা কর্মীদের মতে, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা এবং নিজেদের অধিকার রক্ষার তাগিদেই তাঁরা মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপির পতাকাতলে শামিল হয়েছেন।
অন্যদিকে, এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নামখানার ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, যারা দল ছেড়েছে তারা সুবিধাবাদী। এতে দলের জনভিত্তিতে কোনো প্রভাব পড়বে না। মানুষ উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন।
ভোটের আগে এই রাজনৈতিক মেরুকরণ সাগরের নির্বাচনী সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Post A Comment:
0 comments so far,add yours