বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত হতে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় অঞ্চল।
গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বইচবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বইচবাড়ি এলাকার ২৭ নম্বর বুথে তৃণমূলের অসংখ্য দলীয় পতাকা লাগানো ছিল। অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী বেছে বেছে তৃণমূলের সেই পতাকাগুলি ছিঁড়ে ফেলে দেয়। আজ সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। গতকালই মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথেও একই ধরণের ঘটনা ঘটেছিল। পরপর দুদিন একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাগর থানার পুলিশ আধিকারিকরা। পরিদর্শনে আসেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সামির শাহ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। ইতিমধ্যেই সাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ বলে দাবি করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours