প্রকাশ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাগর পঞ্চায়েত সমিতির টানা আট বছরের কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ। গত শনিবার প্রকাশিত নতুন ভোটার তালিকায় তাঁর নাম 'বিচারাধীন' হিসেবে চিহ্নিত হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন এই প্রবীণ তৃণমূল নেতা।

সাগরের মুড়িগঙ্গা-২ পঞ্চায়েত এলাকার ৩৪ নং মন্দিরতলা বুথের দীর্ঘদিনের ভোটার আব্দুল সামির শাহ। জানা গেছে, ভোটার তালিকায় তাঁর নামের বানান সংশোধন করার জন্য তাঁকে নির্বাচন কমিশনের শুনানিতে ডাকা হয়েছিল। সেই অনুযায়ী তিনি প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন। তাঁর আশা ছিল, সংশোধিত তালিকায় তাঁর নাম সঠিকভাবে উঠে আসবে। কিন্তু চূড়ান্ত তালিকার আগে তাঁর নাম 'বিচারাধীন' হিসেবে ঝুলে থাকায় তিনি স্তম্ভিত। 

এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের তোপ দেগেছেন আব্দুল সামির শাহ। সামির শাহের দাবি, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বা জটিলতায় ফেলার একটি চক্রান্ত চলছে। তিনি জানান, ২০০২ সাল থেকে তাঁর নাম ভোটার তালিকায় নিয়মিত ছিল। দীর্ঘ আট বছর তিনি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। এমন একজন ব্যক্তির নাম কেন হঠাৎ 'বিচারাধীন' হবে, তা নিয়ে তিনি ক্ষুব্ধ। বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে রাজ্যজুড়ে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে তিনি সরাসরি তোপ দাগেন। "২০০২ সাল থেকে আমি ভোটার, সমস্ত নথি জমা দেওয়ার পরেও আমি বিচারাধীন। জানি না শেষ পর্যন্ত নাম থাকবে কি না। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কর্মী আর মুসলিমদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।" বর্তমানে চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম আদৌ থাকবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা ও দোলাচলের মধ্যে রয়েছেন এই তৃণমূল নেতা। আপাতত চূড়ান্ত তালিকার অপেক্ষায় রয়েছেন তিনি। এই ঘটনা সাগরের রাজনৈতিক মহলে বেশ উত্তেজনা তৈরি করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours