২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন।
মঙ্গলবার সকালে দীপঙ্কর জানা স্থানীয় গোবিন্দরামপুর এলাকার একটি রাধা-কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন। এরপরই স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গোবিন্দরামপুর এলাকায় দেয়াল লিখনের কাজে হাত দেন। প্রার্থীকে সামনে পেয়ে উৎসাহিত বিজেপি কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কাকদ্বীপ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন দীপঙ্কর জানা। সেবার মন্টুরাম পাখিরার কাছে তিনি ২৫,৩০২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তবে এবার সেই হারের গ্লানি মুছে জয় ছিনিয়ে নিতে আত্মবিশ্বাসী দীপঙ্কর। তাঁর কথায়, "গতবার পরিস্থিতি আলাদা ছিল। এবার মানুষ রাজ্য সরকারের দুর্নীতি স্বচক্ষে দেখছে। কাকদ্বীপের প্রান্তিক নদী বাঁধের সমস্যা এবং মৎস্যজীবীদের দুর্দশা নিয়ে সরকার উদাসীন। আমরা এই বিষয়গুলোকেই প্রচারের প্রধান হাতিয়ার করব।"
কাকদ্বীপ মৎস্যজীবী প্রধান এলাকা হওয়ায় মৎস্যজীবীদের ভোট এ কেন্দ্রে নির্ণায়ক ভূমিকা পালন করে। দীপঙ্কর জানা এবার উপকূলীয় এলাকার উন্নয়ন এবং নদী বাঁধ সংস্কারের ইস্যু সামনে রেখে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করছেন।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours