গঙ্গাসাগর মেলায় সবুজ সংঘ ও এসবিআই ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির

পুণ্যার্থীদের সেবায় এ বছরও গঙ্গাসাগর মেলায় মানবিক মুখ নিয়ে হাজির হলো সবুজ সংঘ এবং এসবিআই ফাউন্ডেশন। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে পুণ্যার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা শিবির। চোখ অমূল্য সম্পদ'—এই বার্তাকে সামনে রেখে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পুণ্যার্থীদের চোখ পরীক্ষা করা হচ্ছে। যাদের চোখে ছানি ধরা পড়ছে, তাদের পরবর্তী চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে। 
যে সমস্ত দরিদ্র পুণ্যার্থীর অপারেশনের সামর্থ্য নেই, তাদের সবুজ সেবা সদন চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের সুপারিশ করা হচ্ছে। চক্ষু পরীক্ষার পাশাপাশি শিবিরে ব্লাড সুগার ও রক্তচাপ পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মেলার ভিড়েও কীভাবে চোখের যত্ন নেওয়া যায়, সে বিষয়ে হ্যান্ডবিল বিলি ও প্রচার চালানো হচ্ছে।
সবুজ সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত বছরগুলোর মতো এবারও তাদের লক্ষ্য মেলাকে রোগমুক্ত ও পবিত্র রাখা। একদিকে যেমন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে তেমনই পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হচ্ছে। সংস্থার এই নিঃস্বার্থ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আসা হাজারো পুণ্যার্থী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours