গঙ্গাসাগরে উপচে পড়া ভিড়: মকর সংক্রান্তির আগেই ৪৫ লক্ষ পুণ্যার্থীর শাহী স্নান

মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ আসতে এখনও সামান্য দেরি, কিন্তু তার আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে সাগরতট। গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা ঘিরে পুণ্যার্থীদের উন্মাদনা তুঙ্গে। প্রশাসনিক সূত্র অনুযায়ী, সংক্রান্তির মূল লগ্নের আগেই আজ পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে পবিত্র স্নান সম্পন্ন করেছেন।
আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। তবে মূল আকর্ষণ ১৪ জানুয়ারির মকর সংক্রান্তির পুণ্যস্নান। মেলা প্রাঙ্গণে সন্ধ্যার মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে রাজকীয় সাগর আরতি, যা দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে গোটা মেলা চত্বরকে সিসিটিভি এবং ড্রোন নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি উচ্চপর্যায়ের প্রেস মিট করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, পুলক রায়, বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাংসদ বাপি হালদারসহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, "পুণ্যার্থীদের সুবিধার্থে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং পরিবহণ ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিপুল জনসমাগম সামলাতে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ ও স্বেচ্ছাসেবী।" পুণ্যার্থীদের ভিড় সামলাতে ড্রেজিংয়ের মাধ্যমে ভেসেল চলাচলের পথও সচল রাখা হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় এই ভিড় আরও বাড়বে বলে ধারণা করছে প্রশাসন। সব মিলিয়ে কড়া নিরাপত্তা ও ধর্মীয় আবেগের মেলবন্ধনে জমে উঠেছে এ বছরের গঙ্গাসাগর মেলা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours