গঙ্গাসাগর মেলা সাফাই অভিযানে স্কুল পড়ুয়ারা, প্রশংসায় পঞ্চায়েত সমিতি
৮ জানুয়ারি থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে সাগরতটে। পুণ্যলগ্নে কপিলমুনির আশ্রমে লক্ষ লক্ষ মানুষের সমাগম যেমন ভক্তি ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করেছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনার স্তূপ। এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং প্লাস্টিক মুক্ত মেলা উপহার দিতে কোমর বেঁধে সাফাই অভিযানে নামল একঝাঁক স্কুল পড়ুয়া।
এদিন সমুদ্র সৈকত এবং কপিলমুনির আশ্রম চত্বরে বিশেষ এই সাফাই অভিযানের আয়োজন করা হয়েছিল। সবুজ সংঘ এবং এসবিআই (SBI) ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচিটি গ্রহণ করা হয়। ছোট ছোট পড়ুয়াদের হাতে গ্লাভস এবং বস্তা নিয়ে বালির ওপর পড়ে থাকা প্লাস্টিক ও বর্জ্য কুড়োতে দেখে উৎসাহিত হন তীর্থযাত্রীরাও।
সাফাই অভিযানে এদিন উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাবিনা বিবি ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে পরিবেশ সচেতন হওয়ার বার্তা দেন।
উল্লেখ্য, সবুজ সংঘ এবং এসবিআই ব্যাংক কেবল এই সাফাই অভিযানই নয়, সারা বছর জুড়েই ‘অরণ্য প্রকল্প’ সহ নানা ধরনের সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। গঙ্গাসাগর মেলার এই মেগা ইভেন্টে তাদের এই পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় প্রশাসন ও পর্যটকদের নজর কেড়েছে। পড়ুয়াদের এই সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে দিল যে, আগামীর প্রজন্ম পরিবেশ রক্ষায় কতটা সচেতন।


Post A Comment:
0 comments so far,add yours