গোপালগঞ্জে তৃণমূলের সভায় অবরুদ্ধ মেন রোড: কয়েক ঘণ্টা স্তব্ধ জয়নগর-কৈখালী পথ, দেখা নেই পুলিশের
ছুটির দিনের ব্যস্ত রাস্তায় রাজনৈতিক সভার দাপট। জয়নগর থেকে কৈখালী যাওয়ার প্রধান রাস্তা আটকে তৃণমূল কংগ্রেসের সভার জেরে চরম ভোগান্তিতে পড়লেন সাধারণ মানুষ। গোপালগঞ্জ পঞ্চায়েত বাজারে মেইন রাস্তার ওপর প্যান্ডেল ও আসন পেতে সভা চলায় টানা কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।রবিবার এই সভার মূল আকর্ষণ ছিলেন স্থানীয় বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল। বিধায়ক যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখন দেখা যায় মূল রাস্তার ওপর তিল ধারণের জায়গা নেই।
কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক সরাসরি পিচ রাস্তার ওপর বসে সভার বক্তব্য শুনছিলেন। ফলে ওই রুট দিয়ে যাতায়াতকারী সমস্ত ছোট-বড় যানবাহন স্তব্ধ হয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরুদ্ধ হয়ে থাকলেও ঘটনাস্থলে তেমন কোনো পুলিশ আধিকারিকের দেখা মেলেনি বলে অভিযোগ সাধারণ মানুষের। রাস্তার দুই প্রান্তে তখন কয়েক শ’ গাড়ি দাঁড়িয়ে। পথ চলতি মানুষ থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি— সকলেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন। ক্ষুব্ধ জনতা জানায়, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকায় যানজট নিয়ন্ত্রণ তো দূরস্ত, সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। টানা কয়েক ঘণ্টা এই রাজনৈতিক কর্মসূচি চলার পর বিধায়ক বক্তব্য শেষ করলে সভার সমাপ্তি ঘটে। এরপর ধীরে ধীরে রাস্তা খালি করে কর্মীরা সরলে যানবাহন চলাচল শুরু হয়। তবে একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা আটকে কেন এই সভার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।


Post A Comment:
0 comments so far,add yours