গঙ্গাসাগরে ভয়াবহ পথ দুর্ঘটনা: মৃত এক, গুরুতর জখম দুই

দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকায় শুক্রবার বিকেলে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরও দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর সংলগ্ন মিশন রোডের কাছে, বিকেল প্রায় চারটা নাগাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইক ও একটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা তিন আরোহী ছিটকে পড়েন এবং গুরুতরভাবে জখম হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা আহত তিন যুবককে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সমীর দিন্ডা নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত সমীর দিন্ডার বাড়ি পুরুষোত্তমপুর গ্রামে।

অন্য দুই আহত যুবক, অমিত সাঁতরা (বাড়ি বেনুবন) এবং বিকাশ মাইতি (বাড়ি কমলপুর), বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের আঘাত গুরুতর বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। লরিটি আটক করা হয়েছে এবং ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours