কালীপুজোর আগেই রায়মঙ্গল নদী থেকে উদ্ধার মা কালীর বিগ্রহ, অবশেষে ফিরলেন নিজের ঘরে। কালীপুজোর প্রস্তুতির মাঝেই এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ। মঙ্গলবার সকালে বসিরহাটের হিঙ্গলগঞ্জের মাধবকাটি গ্রামের মৎস্যজীবী বাবলু মণ্ডল মাছ ধরতে গিয়ে রায়মঙ্গল নদীতে একটি কালীমূর্তি ভাসতে দেখেন।
এরপর তিনি মূর্তিটি উদ্ধার করে গ্রামের একটি মন্দিরে নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন উৎসুক গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
এরপর পূঁইজালির একটি মন্দির কমিটির সদস্যরা দাবি করেন, উদ্ধার হওয়া বিগ্রহটি তাঁদের মন্দিরের। কোনওভাবে সেটি নদীতে ভেসে চলে এসেছিল।
অবশেষে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অক্ষত অবস্থায় মায়ের বিগ্রহটি পূঁইজালির বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর মায়ের মূর্তি ফিরে পেয়ে খুশিতে আপ্লুত গ্রামবাসীরা। মন্দির কমিটির সদস্য উত্তম পাত্র জানান, অক্ষত অবস্থায় মায়ের বিগ্রহ ফিরে পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত।


Post A Comment:
0 comments so far,add yours