২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের এবং কুম্ভ মেলার আদলে গড়ে তুলতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। মেলার পরিকাঠামোগত কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার সাগরদ্বীপে পরিদর্শনে এলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা।
এদিন তিনি সেচ দপ্তরের আধিকারিক ও স্থানীয়
প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে কপিল মুনির আশ্রম সংলগ্ন সমুদ্র সৈকত এবং ১ নম্বর থেকে নতুন নির্মীয়মাণ ৭ নম্বর স্নানঘাট পরিদর্শন করেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ভাঙন কবলিত সৈকত, জেটিঘাট ও নদীবাঁধের পরিস্থিতিও খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে তিনি জানান, ভাঙন কবলিত সৈকত মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, পুণ্যার্থীদের চাপ সামাল দিতে এবার স্নানঘাটের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৭টি করা হচ্ছে।
পাশাপাশি কাকদ্বীপ ও কচুবেড়িয়ায় জেটিঘাটের সংখ্যাও ৫ থেকে বাড়িয়ে ৬টি করা হচ্ছে। এছাড়াও কলকাতা থেকে সরাসরি গঙ্গাসাগর পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরের সম্ভাবনা রয়েছে। তার আগেই পরিকাঠামোগত কাজের অধিকাংশ শেষ করতে চাইছে প্রশাসন। লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু মেলা পরিচালনাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।


Post A Comment:
0 comments so far,add yours