গঙ্গাসাগরের কয়লা পাড়া উত্তর হারাধনপুর দেবী মথুরাপুরে গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে সার্বজনীন কালীমাতার পুজো। স্থানীয়দের অদম্য উৎসাহ ও ভক্তিময় পরিবেশের মধ্য দিয়ে এই পুজো এবার পদার্পণ করল ২০ তম বছরে। দুই দশকের এই বিশেষ মাইলফলককে সামনে রেখে পুজো কমিটি ও গ্রামবাসীরা গ্রহণ করেছেন এক বিশাল আয়োজন। 


বিগত চার বছর ধরে এই পুজোয় ঐতিহ্যগতভাবে বিশাল আকারের কালী প্রতিমা তৈরি করা হচ্ছে। সেই ধারা বজায় রেখে এ বছরও গড়া হচ্ছে সুবিশাল দেবী প্রতিমা, যার উচ্চতা ৪১ ফুট। বর্তমানে জোর কদমে চলছে এই ৪১ ফুট উচ্চতার প্রতিমা তৈরির কাজ।মৃৎশিল্পীদের নিপুণ হাতে দিনরাত এক করে দেবী প্রতিমা ফুটিয়ে তোলা হচ্ছে। বিশাল এই প্রতিমাকে ঘিরে স্থানীয় ও আশপাশের অঞ্চলের মানুষের মধ্যে ইতিমধ্যেই প্রবল উৎসাহ ও কৌতূহল দেখা দিয়েছে।পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি।

 ফলে প্রস্তুতি চলছে তুঙ্গে। এ বছর পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণের আয়োজন।মণ্ডপ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হচ্ছে চোখধাঁধানো আলোকসজ্জায়। প্রতিবারের মতো এবারও আয়োজন করা হচ্ছে পুজোর মেলার, যেখানে থাকবে নাগরদোলা সহ নানা ধরনের বিনোদনমূলক রাইড ও হরেক রকমের খাবারের দোকান। পাশাপাশি কয়েকদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই জাঁকজমকপূর্ণ পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মণ্ডল, সাগরের বিডিও অনন্ত কুমার গোস্বামী, সাগর থানার ওসি অর্পণ নায়ক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২০ তম বছরের এই বিশেষ উদযাপনে কয়লা পাড়া উত্তর হারাধনপুর দেবী মথুরাপুর এলাকায় এখন থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে। ৪১ ফুটের প্রতিমা এবং জমজমাট মেলা দেখতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours