শিশুদের জন্য সরকারি আইসিডিএস কেন্দ্র থেকে সরবরাহ করা খিচুড়িতে মরা মাকড়সা থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল নামখানার শিবনগর আবাদ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শিশুদের খাবারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামখানা থানার অন্তর্গত শিবনগর আবাদের নামখানা ইউনিয়ন নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের আইসিডিএস কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এলাকার বাসিন্দা অনুপম পাল সকালে কেন্দ্র থেকে খিচুড়ি বাড়িতে নিয়ে আসেন। সেই খাবার খেতে গিয়ে তাঁর স্ত্রী সুস্মিতা পাল খিচুড়ির মধ্যে পোকা জাতীয় কিছু দেখতে পান। ভালো করে পরীক্ষা করতেই সেটি মরা মাকড়সা বলে দাবি করেন তিনি।
এরপরই আইসিডিএস কর্মী সীতা ওঝাকে ফোন করে বিষয়টি জানান সুস্মিতা। তাঁর অভিযোগ, কর্মী ফোনে জানান, স্কুলের রান্নাঘর অন্ধকার থাকায় সেখানে কিছু পড়ে যেতে পারে। পাশাপাশি বাড়িতে থাকা খিচুড়ি ফেলে দেওয়ার পরামর্শ দেন তিনি।
অভিযোগ, ততক্ষণে কেন্দ্রের অধিকাংশ শিশুই খিচুড়ি খেয়ে নিয়েছে। ফলে বিষয়টি সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে।
অন্যদিকে, আইসিডিএস কর্মী সীতা ওঝার বক্তব্য, “মাকড়সাটি স্কুলে পড়েছে, নাকি বাড়িতে, তা নিশ্চিত নই। রান্নাঘর অন্ধকার। যদি স্কুল থেকে পড়ে থাকে, তাহলে আমাদের ভুল হয়েছে। আগামী দিনে আরও সতর্কতার সঙ্গে রান্না করা হবে।”
তবে খাবারে সত্যিই কীভাবে মাকড়সাটি এল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রান্নাঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং শিশুদের হাতে খাবার তুলে দেওয়ার আগে তা পরীক্ষা করা হয় কি না, উঠছে সেই প্রশ্নও। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে শিশুদের খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Post A Comment:
0 comments so far,add yours