দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে হানা দিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। সোমবার হাসপাতালে পৌঁছে রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের জন্য তৈরি খাবারের গুণমান এবং খাবার সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি, হাসপাতালে মজুত থাকা বিভিন্ন খাদ্যসামগ্রী কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, তা-ও পরিদর্শন করেন আধিকারিকেরা।
শুধু রান্নাঘর কিংবা খাবার তৈরির ব্যবস্থাই নয়, সরাসরি রোগীদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা নিয়মিত সঠিক পরিমাণে খাবার পাচ্ছেন কি না, তাঁদের নির্ধারিত খাবার যথাযথভাবে দেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তাঁরা। রোগীদের কাছ থেকে খাবারের মান ও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন আধিকারিকেরা।
এ বিষয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জানান, বিগত দিনে হাসপাতালের খাবার সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা হাসপাতালে এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।


Post A Comment:
0 comments so far,add yours