স্ত্রী ও বড় ছেলের বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধস পাড়া সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম মিলন মাইতি, (নান্টু মাইতি) নামেও পরিচিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। এই ঘটনায় মৃতের স্ত্রী সবিতা মাইতি এবং বড় ছেলে শুভজিৎ মাইতিকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ।

স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় নিজের বাড়িতেই মৃত্যু হয় মিলন মাইতির। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে তাঁর স্ত্রী সবিতা মাইতি এবং বড় ছেলে শুভজিৎ মাইতি তাঁর উপর অত্যাচার চালান। সেই অত্যাচারের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
প্রতিবেশীদের দাবি, এর আগেও একাধিকবার পারিবারিক কারণে স্ত্রী ও ছেলের হাতে অত্যাচারিত হয়েছিলেন মিলন মাইতি। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবেশীদের পক্ষ থেকে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় মিলন মাইতির বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি, অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী সবিতা মাইতি এবং বড় ছেলে শুভজিৎ মাইতিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১), ৬১(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, কীভাবে এই মৃত্যু হল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

একই পরিবারের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এখন পুলিশের তদন্তে এই ঘটনার আরও কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours