সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নামখানা ব্লক অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্য সরকারের 'সেবা সেতু' প্রকল্প অভিযান। শুক্রবার মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিন দিনব্যাপী এই বিশেষ সেবা শিবিরের শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুমন্ত মন্ডল এবং নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সুব্রত মল্লিক। 


অনুষ্ঠানে অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রামীণ এলাকার মানুষ যাতে ঝুটঝামেলা ছাড়াই সরকারি পরিষেবা সহজে পান, সে উদ্দেশ্যে শিবিরে মোট ২০টি দপ্তরের পৃথক কাউন্টার খোলা হয়েছে। এর মধ্যে শিল্প, ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার, স্বাস্থ্য এবং বনদপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো রয়েছে। ফলে জমি সংক্রান্ত মিউটেশন বা স্বাস্থ্য সেবার জন্য বাসিন্দাদের আর আলাদা করে বিভিন্ন সরকারি দপ্তরে ছুটতে হবে না।

পাশাপাশি, সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সরাসরি আবেদনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এক ছাদের তলায় দ্রুত আবেদন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours