সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি জনমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সেতু অভিযান’।এরই অঙ্গ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের রুদ্রনগর কিষাণ মান্ডিতে বসেছে এই বিশেষ শিবির।রাজ্যের পাশাপাশি সাগর ব্লকের এই ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই ক্যাম্পে মোট ১৭টি কাউন্টারের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে একটি বিশেষভাবে মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
এছাড়া সাধারণ মানুষের হাতে চারাগাছও তুলে দেওয়া হয়। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘জল জীবন মিশন’-এর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে, যা এই অভিযানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যাতে কোনো সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য সাগর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করেন।তাঁর সঙ্গে প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন।
প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক স্তরেও সহযোগিতার ছবি দেখা গেছে।ভারতীয় জনতা পার্টির সাগর ব্লকের সমস্ত মণ্ডল সভাপতি, ব্লক কনভেনার থেকে শুরু করে জেলা স্তর ও ব্লকের একাধিক নেতৃত্বরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে নানা পরিষেবা পেতে সহায়তা করেন। সবমিলিয়ে প্রশাসনিক তৎপরতা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই শিবির সাধারণ মানুষের কাছে অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠেছে।


Post A Comment:
0 comments so far,add yours