দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার উত্তর চন্দনপিড়ী এলাকায় এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম অঞ্জনা মিদ্যা (১৩)। সে চন্দনপিড়ী মুরারীমোহন
হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কোচিং না থাকায় অঞ্জনা বাড়িতেই ছিল। সেই সময় তার বাবা, মা ও বোন বাড়ির কাছেই কাজে গিয়েছিলেন। কিছুক্ষণ পর অঞ্জনার বাবা বাড়িতে ফিরে মেয়ের খোঁজ করেন। কোনও সাড়া না পেয়ে বাড়িতে গিয়ে তাকে গুরুতর অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
এরপর অঞ্জনাকে দ্রুত দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে নামখানা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।
কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে পরিবারের সদস্যরাও নিশ্চিত নন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ। অঞ্জনার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


Post A Comment:
0 comments so far,add yours