সুন্দরবনের নামখানার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল ঢাকুরিয়ার ‘মানসী দা হিলিং টাচ’। সংস্থার পক্ষ থেকে নামখানায় আয়োজিত হল বৃত্তি প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে পড়ুয়াদের উৎসাহিত করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রলয় ধর, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক তাপসকান্তি করণ, শিবানি মণ্ডল মহাবিদ্যালয়ের অধ্যাপক পুলকরঞ্জন দাস-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
প্রতিটি ছাত্রছাত্রীকে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে এই আর্থিক সহযোগিতা তাদের আগামী দিনের পথচলায় কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী পড়ুয়াদের শিক্ষার সুযোগ আরও সুগম করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। আগামী দিনেও সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে শিক্ষা ও মানবিকতার প্রসারে কাজ করার বার্তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours