দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালীর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় যৌথ অভিযান চালাল প্রশাসন। বকখালী সমুদ্র সৈকত ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা একাধিক অস্থায়ী খাবারের দোকান ও রেস্তোরাঁয় হঠাৎ এই অভিযান চালানো হয়।

এই বিশেষ টিমটিতে উপস্থিত ছিলেন খাদ্য দফতর, এগ্রিকালচার মার্কেটিং বিভাগ, কাকদীপ মহকুমা প্রশাসন, নামখানা ব্লক প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা।

অভিযানকারী দলটি অস্থায়ী খাবারের দোকান ও রেস্তোরাঁগুলির বিভিন্ন খাবারের গুণগত মান, রান্নার মশলা, সংরক্ষিত কাঁচা মাছ-মাংস এবং শাকসবজি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। পরিদর্শনকালে একাধিক দোকান থেকে বাসি খাবার, পচন ধরা মাছ, ক্ষতিকর রঙ মেশানো সবজি এবং ভেজাল মশলা সহ ব্যবহারের অযোগ্য প্রচুর খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সমস্ত বাজেয়াপ্ত অযোগ্য ও ভেজাল খাদ্যদ্রব্য ঘটনাস্থলেই নষ্ট করে দেয় যৌথ অভিযানকারী দল। স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘনের অভিযোগে এবং পর্যটকদের স্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে, যে যে দোকান ও রেস্তোরাঁ থেকে এসব ক্ষতিকর সামগ্রী উদ্ধার হয়েছে, তাদের প্রত্যেককে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। পর্যটন কেন্দ্রের ভাবমূর্তি রক্ষা ও খাদ্যের মান বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours