পূর্ণব্রত হাজরা, পাথরপ্রতিমা: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্যতম প্রধান সড়ক। যুধিষ্ঠির জানার ফেরিঘাট থেকে ত্রিপাঠী ঘাট পর্যন্ত প্রায় সাড়ে ৯ কিলোমিটার দীর্ঘ পিচ রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে নির্মিত এই রাস্তাটি দু'বছর আগে একবার সংস্কার করা হলেও বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
নদী-বেষ্টিত ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের কাছে এই সড়কই যাতায়াতের প্রধান ভরসা। টোটো বা মেশিনভ্যানে করে যুধিষ্ঠির জানার ফেরিঘাটে পৌঁছে সেখান থেকে খেয়া পার হয়ে পাথরপ্রতিমা ব্লক অফিস, থানা, কলেজ, ব্যাঙ্ক, মাধবনগর গ্রামীণ হাসপাতাল, কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং কলকাতায় যাতায়াত করেন সাধারণ মানুষ। রাস্তার বেহাল অবস্থার কারণে রোগী, প্রবীণ নাগরিক, নিত্যযাত্রী এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে যুধিষ্ঠির জানার ফেরিঘাটের শৌচাগারের অবস্থাও অত্যন্ত শোচনীয় বলে অভিযোগ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে শৌচাগারটি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
-----------------------------------------
ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) নেতা সুকান্তি মান্না অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা সংস্কারের কাজ হওয়ায় অল্প সময়ের মধ্যেই তা নষ্ট হয়ে গিয়েছে। বর্ষার আগে জরুরি ভিত্তিতে সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তিনি দাবি করেন।
বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য সত্যব্রত সাউ অভিযোগ করেন, আগে এই রাস্তা ডাবল সলিং ছিল। পরে পিচ রাস্তা নির্মাণের সময় ক্যালভার্টের পরিবর্তে সিমেন্টের পাইপ বসানো হয় এবং নির্মাণকাজে আর্থিক অনিয়ম হয়েছে বলেও তাঁর দাবি।
অন্যদিকে তৃণমূল পরিচালিত ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খোকন দাস জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা রাস্তা পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। তবে নির্বাচন ও পরবর্তী পরিস্থিতির কারণে সেই কাজ আর এগোয়নি।
জেলা পরিষদের সদস্য মতিলাল মাইতি জানিয়েছেন, দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্ষার মুখে এলাকার প্রধান যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, রাস্তা ও ফেরিঘাটের শৌচাগারের দ্রুত সংস্কার না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।


Post A Comment:
0 comments so far,add yours