নামখানা ব্লকের গ্রামীণ চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন এবং পরিকাঠামো খতিয়ে দেখতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির উদ্যোগে নামখানার দ্বারিকনগর ব্লক গ্রামীণ হাসপাতালে এই গুরুত্বপূর্ণ বৈঠক হল।


এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল, দ্বারিকনগর হাসপাতালের বিএমওএইচ সহ নামখানা ব্লকের অন্তর্গত প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক এবং চিকিৎসা কর্মীরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে ব্লকের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিশ্লেষণ করা হয়। বিশেষ করে, যেসব গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসকের অভাব রয়েছে, সেখানে কীভাবে দ্রুত ২৪ ঘণ্টা পরিষেবা সচল করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
গ্রামীণ এলাকার হাসপাতালগুলির বিরুদ্ধে সাধারণ মানুষের অন্যতম প্রধান ক্ষোভ হলো সামান্য কারণে রোগীদের অন্য হাসপাতালে ‘রেফার’ বা স্থানান্তরিত করে দেওয়া। এই বিষয়ে এদিন কড়া অবস্থান নেন বিধায়ক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন্ত মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন, “আগামী দিনে রোগীদের স্বার্থে সব রকম সুব্যবস্থা যাতে করা হয়, তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। অনেক সময় রোগীদের হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয়। এখন থেকে নিয়ম করা হচ্ছে, কোনো রোগীকে রেফার করার পর ওই রোগীর বর্তমান পরিস্থিতি কী, তিনি অন্য হাসপাতালে গিয়ে বেড পেলেন কি না  তার শেষ মুহূর্তের আপডেট হাসপাতাল কর্তৃপক্ষকে ‘রোগী কল্যাণ সমিতি’র কাছে জমা দিতে হবে।”

বৈঠক সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে নামখানা ব্লকের প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাতে ২৪ ঘণ্টা ডাক্তারি পরিষেবা সুনিশ্চিত করা যায়, সেদিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে যাতে সামান্য চিকিৎসার জন্য শহরমুখী হতে না হয়, তার জন্য একটি স্থায়ী রূপরেখা তৈরি করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours