মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে সাগরে আয়োজিত হলো এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। ‘প্রভঞ্জন পাত্র’ (MDRT USA & Chairman's Club Member)-এর উদ্যোগে সাগরের বটতলার 'ছবি মহল'-এ এই অনুষ্ঠানটি সাড়ম্বরে সম্পন্ন হয়।
ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মাননীয়া শ্রীমতী সন্ধ্যা পাত্র। উক্ত সভায় সভাপতির আসন অলংকৃত করেন এলআইসি-র ডেভেলপমেন্ট অফিসার শ্রীযুত কল্লোল ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুত সমীর রঞ্জন গিরি এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবনের সহকারী শিক্ষক শ্রীযুত পলাশ দাস। অনুষ্ঠানে অন্যতম বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়াযোগ আশ্রমের পূজনীয় মহারাজ। এছাড়াও সাগরের বহু বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবীবৃন্দ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।
এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মোট ১৩৬ জন মেধাবী পড়ুয়াকে অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি, তাঁদের মধ্যে ১০ জন বিশেষ ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয়েছে।
এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ও উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে বিগত ৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে আসছে।আয়োজকদের এই উদ্যোগ স্থানীয় স্তরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours