কালবৈশাখী ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের বিস্তীর্ণ কৃষি এলাকা। গতকাল রাতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধরে চলা বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় ধান ও পান চাষীরা।
বর্তমানে সাগরে বোরো ধান কাটার মরসুম চলছে। চাষীদের অভিযোগঅনেক চাষী ধান কেটে শুকানোর জন্য মাঠেই রেখেছিলেন। আকস্মিক বৃষ্টিতে সেই ধান এখন জলের তলায়।
মাঠের দাঁড়িয়ে থাকা পাকা ধানের গাছ ঝোড়ো হাওয়ায় নুইয়ে পড়েছে। জমিতে জল জমে যাওয়ায় পাকা ধানে মই পড়ার উপক্রম হয়েছে, যা দ্রুত না সরালে ধান পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শুধু ধান নয়, ঝড়ের দাপটে সাগরের একাধিক পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো হাওয়ায় বরজের কাঠামো ভেঙে পড়েছে এবং বৃষ্টির জলে পানের লতা নষ্ট হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে চাষীদের। "বছরের এই সময়টার রোজগারের ওপর আমাদের সারা বছর চলে। এক রাতের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল," আক্ষেপ প্রকাশ করেছেন এক স্থানীয় কৃষক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে দ্রুত সাহায্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় এখন ঋণের দায়ে পড়ার দুশ্চিন্তায় দিন কাটছে সাগরের কয়েকশ পরিবারের।


Post A Comment:
0 comments so far,add yours