আজ মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর শিল্পনগরী পরিচালনার উদ্যোগে মহাসমারোহে পালিত হলো দোল উৎসব।
সাগরের রুদ্রনগর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল, এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রলয় কান্তি দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিনের উৎসবকে কেন্দ্র করে রুদ্রনগর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বসন্তের আবহে আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছোট ছোট ছেলে-মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হাতে লাঠি নিয়ে ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বসন্ত উৎসবের কালজয়ী গান ও নাচে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। রঙের এই উৎসবে একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলে। উৎসবের আনন্দ ভাগ করে নিতে আয়োজন করা হয়েছিল মিষ্টিমুখের। মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা এলাকাবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানান। সম্প্রীতি ও মৈত্রীর এই মিলন মেলা উপস্থিত সকলকে একসূত্রে বেঁধে দিয়ে যায়।
সব মিলিয়ে শিল্পনগরীর উদ্যোগে আয়োজিত এই দোল উৎসব এ দিন এক বিশেষ মাত্রা পায়।


Post A Comment:
0 comments so far,add yours