গঙ্গাসাগর তথা সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একগুচ্ছ জনহিতকর প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই দুই প্রকল্পের হাত ধরে এলাকায় নিকাশি ও যাতায়াতের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বদেশ মন্ডলের বাড়ি থেকে জীবন দেবনাথের বাড়ি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বক্স কালভার্ট ড্রেনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী।
নগর উন্নয়ন দপ্তরের অর্থায়নে এবং জি.বি.ডি.এর ব্যবস্থাপনায় এই ড্রেনটি নির্মিত হয়েছে। এর ফলে বর্ষার সময় জমা জল ও নিকাশি সমস্যা থেকে মুক্তি পাবেন এলাকার বাসিন্দারা।
এরপরই মন্ত্রী শ্রীনিবাস রঞ্জিতের বাড়ি থেকে অনুপ দাসের বাড়ি পর্যন্ত ৩৯০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন কংক্রিটের রাস্তার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। দীর্ঘকাল ধরে এই পথটি ইটের ছিল, যা যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত কষ্টদায়ক ছিল।
এই নতুন পথের ফলে এলাকাবাসীর মুখে খুশির হাসি ফুটেছে। এদিন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, জি বি ডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র, বনভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর, শিক্ষা কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ।"


Post A Comment:
0 comments so far,add yours