কাকদ্বীপ পোস্ট অফিসে বোমাতঙ্কের ইমেল, চাঞ্চল্য মহকুমাজুড়ে।


বৃহস্পতিবার সকালে কাকদ্বীপ পোস্ট অফিস ও পাসপোর্ট সেবা কেন্দ্রে বোমাতঙ্ককে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। একটি উড়ো ইমেলকে কেন্দ্র করে এদিন সকাল থেকে কার্যত আতঙ্কের চেহারা নেয় এলাকা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:১০ নাগাদ কলকাতার রিজিওনাল পাসপোর্ট সেবা কেন্দ্রে একটি হুমকি মেইল আসে। সেখানে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, ক্যানিং এবং কাকদ্বীপ পোস্ট অফিস ও পাসপোর্ট সেবা কেন্দ্রে বোমা রাখা আছে বলে জানানো হয়। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সতর্কতা জারি করা হয়। কাকদ্বীপের ক্ষেত্রে পোস্ট অফিস ও পাসপোর্ট অফিস একই ভবনে হওয়ায় আতঙ্ক বহুগুণ বেড়ে যায়। ঘটনার খবর পাওয়ামাত্রই কাকদ্বীপ থানার আইসি এবং এসডিপিও বিশ্বজিৎ নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও সুন্দরবন জেলা পুলিশের ডিআইবি ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার খাতিরে দ্রুত অফিস খালি করে দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছায় বম্ব স্কোয়াড। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে ভবনের প্রতিটি কোণ তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

বোমাতঙ্কের খবর চাউর হতেই সংলগ্ন এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে অফিসের কাজকর্ম। স্থানীয় এক বাসিন্দার কথায়, "হঠাৎ পুলিশ এসে অফিস খালি করতে বলায় আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম।"
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি একটি ভুয়ো ইমেল বা 'হক্স কল'। তবে সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা আদালত এবং প্রধান পোস্ট অফিসগুলোতে একই ধরণের হুমকি মেইল আসায় চিন্তিত প্রশাসন। এর নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ এবং সাইবার ক্রাইম দপ্তর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours