উন্নয়নের পথে সাগর: একদিনে চারটি রাস্তার উদ্বোধন ও শিলান্যাস করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের "রাস্তাই আমাদের আস্থা" এই স্লোগানকে সামনে রেখে সুন্দরবন এলাকায় যোগাযোগ ব্যবস্থার ভোলবদল করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার সাগর ব্লকের অন্তর্গত রুদ্রনগর ও ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একদিনে চারটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রাস্তাগুলি কোথাও ছিল কাঁচা মাটির, আবার কোথাও জীর্ণ ইটের। ফলে বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় সাধারণ মানুষ, স্কুলপড়ুয়া এবং রোগীদের যাতায়াত করতে চরম নাভিশ্বাস উঠত। স্থানীয় বাসিন্দাদের সেই দীর্ঘদিনের কষ্টের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই আধুনিক পথ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এদিন মন্ত্রী যে চারটি রাস্তার
শিলান্যাস ও উদ্বোধন করেন সেগুলি হলো: রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমলপুর সুকুমার পাত্রর বাড়ি থেকে প্রভাংশু বেরার বাড়ি পর্যন্ত ৮৬০ মিটার ইটের রাস্তার শুভ শিলান্যাস। এবং হরিপদ ভূঞ্যার বাড়ি থেকে জীবনতলা ক্যাভাট পর্যন্ত ১৫১০ মিটারের দীর্ঘ কংক্রিট রাস্তার শুভ শিলান্যাস।মনসাদ্বীপ জীবনতলা গীতা ধাঁড়ার বাড়ি থেকে এস.এস.কে স্কুল পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ রাস্তার শুভ উদ্বোধন। এছাড়াও ধবলাট গ্রাম পঞ্চায়েতের প্রশান্ত প্রভা পুনর্বাসন সংঘ থেকে শশাঙ্ক গ্রোমের বাড়ি হয়ে বিশ্বজিৎ পড়্যার বাড়ি পর্যন্ত ১৬২২ মিটার দীর্ঘ কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সুন্দরবনের প্রতিটি কোণায় উন্নয়নের কাজ চলছে। এই রাস্তাগুলি হওয়ার ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হবে। বিশেষ করে বর্ষাকালে আর কাউকে কাদা মাড়িয়ে হাঁটতে হবে না।"
রাস্তাগুলি নির্মিত হওয়ায় উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। তাদের মতে, পাকা রাস্তা হওয়ার ফলে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াত অনেক সহজ হবে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ও ব্লকের আধিকারিকরা উপস্থিত ছিলেন।


Post A Comment:
0 comments so far,add yours