ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ। ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী।

ফের ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে একটি ট্রলারসহ ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড)। আটককৃত ট্রলারটির নাম ‘এফবি সাফওয়ান’। বর্তমানে ধৃতদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উপকুলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাঁটির কোস্ট গার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার (IMBL) কাছাকাছি টহল দিচ্ছিল। সেই সময় ভারতীয় জলসীমানার ভেতরে একটি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন জওয়ানরা। ট্রলারটির গতিবিধি লক্ষ্য করে সেটিকে ধাওয়া করা হয় এবং শেষ পর্যন্ত সেটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রলারটি থেকে ২৪ জন মৎস্যজীবীকে আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা। তারা সকলেই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। আজ আটককৃত ট্রলার ও মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। সেখানে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক প্রক্রিয়া শেষে ধৃতদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিনা অনুমতিতে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

আগামীকাল ধৃত ২৪ জন বাংলাদেশী মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি এই অনুপ্রবেশের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours