সুন্দরবন দিবস উদ্যাপন: সাগর ব্লকে নতুন অ্যাম্বুলেন্সের সূচনা করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের রক্ষা ও সংরক্ষণের বার্তা নিয়ে প্রতি বছর ১১ ডিসেম্বর উদ্যাপিত হয় ‘সুন্দরবন দিবস’। এই বছর ইউনেসকো স্বীকৃত এই বাদাবনের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মোট ১৯টি ব্লকে নানা কর্মসূচি আয়োজিত হয়েছে।
জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাগর ব্লকে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অনুষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনসুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
এই বিশেষ দিনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সাগর ব্লকের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই মঞ্চ থেকেই সাগর গ্রামীণ হাসপাতালের জন্য পাঠানো একটি নতুন ও বড় অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। এর ফলে স্থানীয় মানুষ জরুরি অবস্থায় আরও দ্রুত স্বাস্থ্য পরিষেবা পাবেন।
সুন্দরবনের মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিটি ব্লকেই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা আয়োজিত হয়। জীববৈচিত্র্যে ভরপুর এই অরণ্যের গুরুত্ব এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরার মাধ্যমেই আজ জেলাজুড়ে সুন্দরবন দিবস সার্থকভাবে উদ্যাপিত হচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours