নামখানায় বর্ণাঢ্য শোভাযাত্রায় সুন্দরবন দিবস উদযাপন শুরু। পরিবেশ রক্ষায় অঙ্গীকার।
বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনকে রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকার নিয়ে আজ, ১১ ডিসেম্বর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মোট ১৯ টি ব্লকে পালিত হচ্ছে 'সুন্দরবন দিবস'। ইউনেসকো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী বনের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর দিনটি উদযাপন করা হয়।
এ বছর জেলার মূল অনুষ্ঠান দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে আয়োজিত হলেও, নামখানা ব্লকেও বিশেষ গুরুত্ব সহকারে দিনটি উদযাপন শুরু হয়েছে। বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নামখানায় সুন্দরবন দিবস উদযাপনের সূচনা হয়। আগামী দুদিন ধরে এই ব্লকে নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান চলবে।
নামখানা ব্লকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক, সুন্দরবন বিষয়ক দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম মজুমদার, নামখানা বনদপ্তরের আধিকারিক প্রলয় রায় এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়া ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবন রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ, বনসুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বার্তাগুলি তুলে ধরা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং বনদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্টল তৈরি করা হয়েছে। জেলার ১৯টি ব্লকেই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিবেশ সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালাচ্ছে। সুন্দরবনের প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষার ডাকই আজ এই উদযাপনের মূল সুর।
মুন্না সরদারে রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours