ডায়মন্ড হারবার: পুলিশ হেফাজতে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলা।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দলীয় কার্যালয়টি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে পরিচিত। বুধবার সাংবাদিক বৈঠকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার এই টাকা উদ্ধারের কথা জানান।
তবে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে পার্টি অফিসে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া টাকার উৎস ও আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় আর কারা জড়িত, তা জানতেও চলছে তদন্ত।
সব মিলিয়ে সরিষার তৃণমূল কার্যালয় থেকে কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।


Post A Comment:
0 comments so far,add yours