আড়াইশো বছরেরও বেশি সময় আগে যে অরণ্যে ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ রাজত্ব, জীবন বাজি রেখে কাঠ ও মধু সংগ্রহ করতে আসা সেই বিপদসঙ্কুল জঙ্গলের হিংস্র পশুদের হাত থেকে রক্ষা পেতেই কাঠুরেরা বটগাছের তলায় শুরু করেছিলেন মা কালীর আরাধনা।
কালের নিয়মে সেই জঙ্গলঘেরা বটতলার পুজোই আজ সাগরদ্বীপের বিখ্যাত ‘ধসপাড়া আদিকালী মন্দির’-এ রূপান্তরিত হয়েছে। সাড়ে চারশো বছরের প্রাচীন ইতিহাস এবং প্রায় আড়াইশো বছর ধরে মন্দিরে চলা এই পুজোকে কেন্দ্র করে বর্তমানে সাগরদ্বীপের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে।
আসন্ন কালীপুজো ও কার্তিক মাসের অমাবস্যার মহাসন্ধিক্ষণকে কেন্দ্র করে এখন ধসপাড়া আদিকালী মন্দির প্রাঙ্গণে চলছে চরম কর্মব্যস্ততা। প্রাচীন এই মন্দিরটির সংস্কার, জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা এবং শেষ মুহূর্তের মাঙ্গলিক প্রস্তুতি জোরকদমে চলছে। অতীতে পুরোহিতহীন স্বহস্তে পুজোর প্রাচীন রীতি এবং পশুবলি প্রথা বন্ধ হয়ে গেলেও, সাত্ত্বিক উপায়ে চলা এই জাগ্রত মন্দিরের কৌলীন্য ও জৌলুস আজও অমলিন। প্রতি মঙ্গল ও শনিবার কয়েকশ পুণ্যার্থীর ভিড়ে মুখরিত হওয়া এই মহাপবিত্র তীর্থক্ষেত্র এখন নতুন করে উৎসবের আমেজে মাতোয়ারা।


Post A Comment:
0 comments so far,add yours