আসন্ন ২০২৭ গঙ্গাসাগর মেলাকে ঘিরে এখন থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল রাজ্য প্রশাসন। এবারের মেলাকে সম্পূর্ণ কুম্ভমেলার আদলে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা থেকে সরাসরি গঙ্গাসাগর পর্যন্ত বিশেষ হেলিকপ্টার পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার বেলা দশটা থেকে সাগরমেলা অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ একাধিক দপ্তরের সচিব ও পদস্থ আধিকারিকরা। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক তেওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী দিনে ধাপে ধাপে সমস্ত প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, "দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা এবার হেলিকপ্টারে চেপে আকাশপথে সরাসরি গঙ্গাসাগরে আসতে পারবেন। এর জন্য আট থেকে দশটি হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হবে। কলকাতা থেকে এই পরিষেবা মিলবে। তবে পুণ্যার্থীদের নিজেদের খরচেই এই পরিষেবা নিতে হবে এবং তার জন্য আগে থেকে বুকিং করা বাধ্যতামূলক।"
প্রশাসন সূত্রে খবর, এবারের মেলায় বিদেশ থেকেও বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে আকাশপথের পাশাপাশি জলপথে যাতায়াতের জন্যও বিশেষ যানবাহনের সংখ্যা বাড়ানো হচ্ছে। মেলার সার্বিক আয়তন বৃদ্ধির পাশাপাশি যাত্রীনিবাস-সহ অন্যান্য পরিকাঠামো সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, পরিবেশ ও নিরাপত্তার কথা ভেবে এবার যাত্রীনিবাস তৈরিতে প্রথাগত হোগলা পাতার ব্যবহার এড়িয়ে চলতে চাইছে প্রশাসন। তার পরিবর্তে কুম্ভমেলার ধাঁচে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে।
মুখ্যসচিব আরও জানিয়েছেন, মেলার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামী জানুয়ারি মাসের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মাঠে নামানো হবে। সব মিলিয়ে, আসন্ন ২০২৭ গঙ্গাসাগর মেলাকে আরও আকর্ষণীয়, নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলতে কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার।


Post A Comment:
0 comments so far,add yours