এসভিএফ (SVF) প্রযোজিত বাংলা সিনেমা ‘সাধক বামাক্ষ্যাপা’ গত ২০ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে। তারাপীঠের সাধক বামাক্ষ্যাপার জীবন ও মা তারার প্রতি তাঁর ভক্তিকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। ছবিতে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী, পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।
বলিউডের বিগ বাজেট ছবির মুক্তির জেরে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রেক্ষাগৃহ ও শো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, অবশেষে মঙ্গলবার সেই জট কাটল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশেষ বৈঠকের পর নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের সব সিনেমাহলে প্রাইম টাইমেই চলবে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। শুধু তা-ই নয়, বাংলা ছবির প্রদর্শনের পরিসর বাড়াতে রাজ্যে নতুন ৫১টি সিনেমাহল তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলা ছবি না চললে হলের লাইসেন্স বাতিলও হতে পারে। প্রতিটি হলেই প্রাইম টাইমে একটি করে বাংলা ছবি চালাতে হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সিনেমা হলের মালিক প্রযোজক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যে মিটিং হয়েছে, তাতে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। যে কমিটির মূল উপদেষ্টা থাকবেন মিঠুন চক্রবর্তী। থাকবেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মেহতা, রানা সরকার। ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, অরিজিৎ দত্ত। ২৬ তারিখ মিঠুন চক্রবর্তী ফিরে আসলে তৈরি হবে এই কমিটি। ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে। বাংলা সিনেমা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো তারা দেখবে। কী কী সমস্যা রয়েছে, সমাধানের পথ কী, তারা প্রস্তাব দেবে।
গরম গরম তৈরি হচ্ছে ৫০ লাখ গোলাপজাম! 'ছোটে সরকারে'র মেয়ের বিয়েতে আসবেন ৪ লক্ষ অতিথি, কী কী আছে মেনুতে, জানেন?
এমন উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি বামাক্ষ্যাপা ছবির গোটা টিম। ছবির বামাক্ষ্যাপা অভিনেতা সব্যসাচী চৌধুরী টিভি নাইন বাংলাকে জানান, ‘প্রচুর মানুষ আসছেন। আরও মানুষ দেখবেন। আমি নাম ভূমিকায় থাকি বা না থাকি। বামাক্ষ্যাপার মাহাত্ম্য, তাঁর জীবনী, তারাপীঠের গল্প, তার তো নিজস্ব একটা গুরুত্ব রয়েছে, আমার মনে হয়, আমি সেটা ছাপিয়ে যেতে পারব না। ‘
গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ‘সাধক বামাক্ষ্যাপা’ দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে বলে দাবি নির্মাতাদের। তাঁদের কথায়, উল্লেখযোগ্য সংখ্যক দর্শক হলে আসছেন এবং সপ্তাহের কাজের দিনেও একাধিক শো হাউসফুল হচ্ছে। ছবির ‘ওয়ার্ড অফ মাউথ’ এবং দর্শকের সঙ্গে তৈরি হওয়া সংযোগ নির্মাতাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।
তবে নির্মাতা ও পরিচালকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, অন্য ভাষার বা বড় বাজেটের ছবি মুক্তি পেলেই কোপ পড়ে বাংলা সিনেমার ওপর। এ বিষয়ে নির্মাতাদের স্পষ্ট অবস্থান, অন্য কোনও ছবি মুক্তি পাক বা দর্শকের কাছে পৌঁছক— তাতে তাঁদের কোনও আপত্তি নেই; প্রতিটি ছবিরই নিজের প্রাপ্য সুযোগ পাওয়া উচিত। কিন্তু তাঁদের দৃঢ় বিশ্বাস, যে ছবি ইতিমধ্যেই ভালো চলছে এবং দর্শকের প্রকৃত ভালোবাসা পাচ্ছে, তার বিনিময়ে যেন এমনটা না ঘটে। স্ক্রিন ও শো-এর ন্যায্য ও সমান বণ্টন হওয়া উচিত, যাতে উভয় ছবিই পাশাপাশি চলতে পারে এবং দর্শকেরা নিজেদের পছন্দ বেছে নেওয়ার সুযোগ পান।
আগামী শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রেক্ষাগৃহের সফর থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছিল সংশ্লিষ্ট মহল। প্রদর্শকরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং একটি সুষ্ঠু সমাধানে পৌঁছনো যাবে— এমনটাই আশা করেছিলেন নির্মাতারা। অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও নির্দেশে সমস্যার সমাধান হল। শুধু ‘সাধক বামাক্ষ্যাপা’ নয়, আগামী দিনেও বাংলা ছবি যে প্রাপ্য গুরুত্ব ও প্রাইম টাইম পাবে, এই সিদ্ধান্তে সেই আশাই দেখছে টলিপাড়া। পাশাপাশি সিনেমাহলের সংখ্যা কমে যাওয়ার সমস্যা মেটাতে নতুন ৫১টি হল তৈরির সিদ্ধান্ত বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত, অভিনেত্রী-বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রযোজক ফিরদৌসুল হাসান, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ। এ ছাড়াও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


Post A Comment:
0 comments so far,add yours