অভাবের তাড়নায় সংসারের মুখ চাই কয়েক মাস আগেই সুদূর কেরালায় পাড়ি দিয়েছিলেন। কিন্তু ফেরা হলো কফিনে মুড়ে। কেরালায় এলাচ বাগানে কাজ করতে গিয়ে গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো গঙ্গাসাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকার বাসিন্দা চন্দন পাত্রের (৪২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ১৬ বছরের নাবালিকা মেয়েকে রেখে স্ত্রী ও ২১ বছরের ছেলেকে নিয়ে কেরালায় এলাচ বাগানে কাজ করতে যান চন্দনবাবু।
শনিবার সকালে সেখানে একটি গাছ কাটার সময় আচমকাই বিশালাকার গাছটি তাঁর গায়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এই মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অবশেষে সোমবার রাতে চন্দনবাবুর মৃতদেহ সাগর দ্বীপের কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছায়।
জানা গিয়েছে, চন্দন পাত্র এলাকায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর দেহ ঘাটে নামানো মাত্রই দলীয় কর্মী-সমর্থকরা সেখানে জমায়েত হন। বিজেপি কর্মীদের শ্রদ্ধাজ্ঞাপন ও স্লোগানের মধ্য দিয়ে মৃতদেহ শিবপুরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। রাতেই অঝোর কান্না আর স্থানীয়দের ভালোবাসায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।


Post A Comment:
0 comments so far,add yours