আগামী শনিবার ভোররাত থেকেই পবিত্র গঙ্গাসাগরে শুরু হতে চলেছে মহালয়ার পূর্ণ স্নান ও তর্পণ। ঐতিহ্যবাহী কপিল মুনির আশ্রমে পুজো দিতে এবং তর্পণ সারতে ইতিমধ্যেই হাজার হাজার পুণ্যার্থী সাগরদ্বীপে এসে পৌঁছাতে শুরু করেছেন।ভক্তদের এই বিশাল জনস্রোত সুশৃঙ্খল রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার রাতেই কঠোর পদক্ষেপ গ্রহণ করল সাগর থানা ও ব্লক প্রশাসন।


বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় মাইকিং করে বিশেষ নির্দেশিকা প্রচার করা হয়।প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মহালয়ার পূর্ণ স্নানের ভিড় নিয়ন্ত্রণে রাখতে শুক্র ও শনি—এই দু'দিন মেইন রাস্তায় সমস্ত ধরনের টোটো এবং মেশিন ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করেছে সাগর থানা।


অন্যদিকে, পুণ্যার্থীদের মূল প্রবেশদ্বার কচুবেড়িয়া ভেসেল ঘাটে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তাঁরা দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন। পাশাপাশি, কপিল মুনির আশ্রম চত্বর এবং স্নানের প্রধান ঘাটগুলিতেও কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ আধিকারিকেরা। ভিড় সামলাতে সার্বিক নজরদারি বজায় রেখেছে সাগর ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনও।যান চলাচল নিয়ন্ত্রণ করায় কিছু সাময়িক অসুবিধা হলেও, মহালয়ার দিনগুলিতে বড় ধরনের দুর্ঘটনা ও যানজট এড়াতে প্রশাসনের এই সতর্কতামূলক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours