দুর্গোৎসবের মুখে পুজোমণ্ডপগুলির নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে কাকদ্বীপ থানা এলাকার বিভিন্ন পুজোমণ্ডপে যৌথ পরিদর্শন চালাল প্রশাসন। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুরের নেতৃত্বে এই যৌথ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, দমকল এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা।
পরিদর্শনের সময় বিভিন্ন পুজো কমিটির সঙ্গে কথা বলে মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। পরিদর্শন শেষে প্রতিটি পুজো কমিটিকে একাধিক জরুরি দিকনির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ক্রাউড ম্যানেজমেন্ট বা ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুতের নিরাপদ ব্যবহার এবং সার্বিক নিরাপত্তার ওপর। দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলকভাবে ‘ইমার্জেন্সি এক্সিট’ বা জরুরি বেরোনোর পথ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি দুর্ঘটনা এড়াতে মণ্ডপ চত্বরে বিদ্যুতের তার খোলা অবস্থায় না রাখার এবং সঠিকভাবে ওয়্যারিং ও সংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত ও উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার ওপরও জোর দেওয়া হয়।
দুর্গাপুজোর দিনগুলিতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা থাকায় আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে প্রশাসন। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দর্শনার্থীরা নিরাপদে পুজো দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই আগাম যৌথ পরিদর্শন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours