প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরী এলাকায়। অভিযোগের তির বিজেপির বুথ সভাপতি-সহ দুই বিজেপি কর্মী ও এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যেই নামখানা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অভিযোগকারীদের পক্ষ থেকে প্রকাশ্যে আনা একটি ভিডিওতে বিজেপি কর্মী বলে অভিযোগ ওঠা মনসুর আলি খাঁকে এক উপভোক্তার কাছ থেকে ১ হাজার টাকা চাওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। টাকা না দিলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
অভিযোগে বিজেপির বুথ সভাপতি সুশীল প্রধান, কর্মী মনসুর আলী খাঁ ও আজিজ খাঁ এবং পঞ্চায়েত কর্মী শেখ কওসরের নাম রয়েছে। অভিযোগ অস্বীকার করে সুশীল প্রধান দাবি করেছেন, তিনি বিষয়টি জানতেন না এবং রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে ও বিজেপিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। মনসুর ও আজিজ কোনও মন্তব্য করতে চাননি।
বিজেপি নেতা নারায়ণ পড়্যার দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি বিজেপির কেউ নন। কেউ টাকা নিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নামখানার বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Post A Comment:
0 comments so far,add yours