মহালয়ার পুণ্যলগ্নে গঙ্গাসাগরে তর্পণ ও পুণ্যস্নানকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী সাগরদ্বীপে ভিড় জমিয়েছেন। শনিবার ভোররাতে সাগরের জলে পুণ্যস্নান ও তর্পণ সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে।
পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাট, গঙ্গাসাগর স্নানঘাট এবং কপিল মুনির আশ্রম চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাতে সাগরের বিডিও অনন্ত কুমার গোস্বামী এবং গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সরকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পুলিশকর্মীদের পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও নজরদারি চালাচ্ছেন।
ভিড় নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা, ড্রোন নজরদারি, মাইকিং এবং নির্দিষ্ট প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কচুবেড়িয়া ও গঙ্গাসাগরে মেডিকেল ক্যাম্প, পানীয় জল, অস্থায়ী শৌচালয় ও মহিলাদের জন্য চেঞ্জিং রুমের ব্যবস্থা রাখা হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাড়ানো হয়েছে ভেসেল ও বাস পরিষেবাও।
সব মিলিয়ে মহালয়ার পুণ্যস্নানকে ঘিরে গঙ্গাসাগরে এখন সাজো সাজো রব। লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তা ও একাধিক পরিষেবার মাধ্যমে সুশৃঙ্খলভাবে পুণ্যস্নান ও তর্পণ সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।


Post A Comment:
0 comments so far,add yours