ঈশ্বর সন্ধানে মানুষ ছুটে বেড়ায় দূর-দূরান্তের তীর্থক্ষেত্রে। তবে বিশ্ব সংসারের অগণিত জীব, উদ্ভিদ এবং সাধারণ মানুষের মধ্যেই যে আসল দেবতার বসবাস— এই মেলবন্ধনের বার্তা নিয়েই এবার ৩৮তম বর্ষে পদার্পণ করল শ্রী দুর্গা আইডল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা। এ বছরের পুজোয় তাদের বিশেষ থিম— "পথের প্রান্তে মোর তীর্থ নয়, পথের দুপাশে আছে মোর দেবালয়"।
মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা গঠনে উদ্যোক্তারা প্রাধান্য দিয়েছেন সম্পূর্ণ পরিবেশবান্ধব ও নিত্যদিনের ব্যবহৃত নানা উপকরণকে। মণ্ডপকে দৃষ্টিনন্দন করে তুলতে স্থান পেয়েছে কুলো, খড় ও নারকেলের ছিবড়ে। অন্যদিকে প্রতিমা ও তার আনুষঙ্গিক অংশ তৈরিতে ব্যবহৃত হয়েছে প্লাস্টিকের চামচ ও স্ট্র-এর মতো সাধারণ সামগ্রী।
কমিটির যুগ্ম সম্পাদক চঞ্চল গিরি জানান, আশপাশের মানুষ ও প্রকৃতির রূপেই ঈশ্বর বিরাজ করেন। মানব রূপী সেই ঈশ্বর ও প্রকৃতিকে সম্মান জানানোই তাঁদের প্রধান উদ্দেশ্য। বিগত বছরগুলির মতো এবারও দর্শনার্থীরা মণ্ডপে এসে এক অনন্য অভিজ্ঞতা পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। পরিবেশবান্ধব শিল্পকর্ম ও সামাজিক বার্তার এই সুন্দর মেলবন্ধন এ বছরের অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


Post A Comment:
0 comments so far,add yours