শাস্ত্র ও লোককথার চিরাচরিত ধারা মেনে গঙ্গাসাগরের গোবিন্দপুর লিটিল স্টার সংঘের দুর্গা প্রতিমা আনা হলো নদীপথে। নামখানা থেকে বিশেষ জলযানে (নৌকায়) করে প্রতিমা নিয়ে দীর্ঘ নদীপথ অতিক্রম করে আজ গোবিন্দপুর ঘাটে পৌঁছান দেবী। ঘাটে উপস্থিত শত শত গ্রামবাসী শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বোলে মা দুর্গাকে বরণ করে মণ্ডপে নিয়ে যান।
১১তম বছরে পা দেওয়া এই পুজো কমিটির এ বছরের প্রধান আকর্ষণ পরিবেশবান্ধব শৈল্পিক প্রতিমা। নামখানার শিল্পীদের নিখুঁত কারুকার্যে মাটির ব্যবহারের পাশাপাশি প্রতিমা তৈরিতে মূলত ব্যবহৃত হয়েছে চটের দড়ি। চটের সূক্ষ্ম বুনন দিয়ে তৈরি হয়েছে দেবীর বসন ও অলঙ্কার, যা পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিলুপ্তপ্রায় লোকশিল্পকে তুলে ধরেছে। প্রতিমার পাশাপাশি মণ্ডপসজ্জায় এক স্পর্শকাতর সামাজিক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
এ বছরের মূল থিম—"বৃদ্ধাশ্রম ও প্রবীণ বাবা-মায়ের একাকিত্ব"।আধুনিক যুগে বয়সের শেষ প্রান্তে বাবা-মায়ের অন্তর্বেদনা ও বৃদ্ধাশ্রমের একাকী জীবনকে মণ্ডপের ভেতরের শিল্পকর্মে ফুটিয়ে তোলা হচ্ছে, যা দর্শনার্থীদের মনে প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ জাগাবে। মণ্ডপ সাজানো ও আধুনিক আলোকসজ্জার কাজ এখন শেষ পর্যায়ে। নদীপথে প্রতিমার আগমন, চটের নান্দনিক রূপটান এবং অর্থবহ সামাজিক বার্তা—সব মিলিয়ে গঙ্গাসাগরের এই দুর্গাপূজা এবার দর্শনার্থীদের বিশেষ নজর কাড়তে চলেছে।


Post A Comment:
0 comments so far,add yours