ইন্দোরে কর্মরত গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ধসপাড়া এলাকায়। মৃত শ্রমিকের নাম তুষার কান্তি দাস (৪২)। তাঁর পিতা মৃত মধুসূদন দাস। তিনি গঙ্গাসাগরের ধসপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর ধরে ইন্দোরে পরিযায়ী শ্রমিক হিসেবে দর্জির কাজ করতেন তুষার কান্তি দাস। গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে কাজ শেষে নিজের বাসায় ফেরার পর আচমকাই অস্বাভাবিকভাবে বমি করতে শুরু করেন তিনি।

বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
তুষার কান্তি দাসের মৃত্যুর খবর গঙ্গাসাগরের বাড়িতে পৌঁছতেই পরিবার-পরিজন এবং প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ নেমে আসে। দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে কর্মরত এক পরিযায়ী শ্রমিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী।

ইতিমধ্যেই ইন্দোরে কর্মরত গঙ্গাসাগরের প্রতিবেশী ও সহকর্মীদের সহযোগিতায় তুষার কান্তি দাসের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। মৃতদেহ গঙ্গাসাগরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

তাঁর আকস্মিক মৃত্যুতে গঙ্গাসাগরের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours