সন্দীপ দাস,কাকদ্বীপ: রেলের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার নামখানা স্টেশন সংলগ্ন সীমাবাঁধ এলাকায়। মৃতার নাম পারুল দাস (প্রায় ৭১)। তিনি ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাউন শিয়ালদহ–নামখানা গামী ট্রেনটি সীমাবাঁধ এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বাড়ির গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন পারুল দাস। সেই সময় রেললাইনের কাছে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পারুল দাস দীর্ঘদিন ধরে কানে কম শুনতেন। ফলে ট্রেন আসার শব্দ তিনি ঠিকমতো শুনতে পেয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে রেল পুলিশ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের কর্মী এবং কাকদ্বীপ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

বৃদ্ধার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি রেললাইন সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সচেতনতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours