দেবী দুর্গার আরাধনায় নারীশক্তির জয়গান। দুর্গাপ্রতিমা তৈরি থেকে রং করা, এমনকী দেবীর চক্ষুদান—সবেতেই দায়িত্ব সামলাচ্ছেন মা ও মেয়ে। মহিলা পরিচালিত দুর্গাপুজোয় মা-মেয়ের হাতে তৈরি হচ্ছে মা দুর্গার প্রতিমা। জীবন্ত মাতৃশক্তির হাতেই মৃন্ময়ী মায়ের রূপদান! নারীশক্তির এমনই অনন্য নজির গড়ছে ক্যানিংয়ের মিত্র মহল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো।
চলতি বছরে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে এই পুজো। ক্লাবের প্রায় ৫০ শতাংশ সদস্য মহিলা। তাঁদের উদ্যোগেই শুরু হয়েছিল দুর্গাপুজো। পুরুষ সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও পুজোর মূল দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন মহিলারাই। আর সেই নারীশক্তির ভাবনাকেই এ বছর প্রতিমার মধ্য দিয়ে আরও বিশেষভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি।
দীর্ঘ প্রায় দু’মাস ধরে চলছে প্রতিমা তৈরির কাজ। উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার অন্তর্গত কানমারীর মৃৎশিল্পী লাকি সরদার এবং তাঁর মা দীপালী সরদার তৈরি করছেন দুর্গাপ্রতিমা। প্রায় ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন লাকি ও তাঁর মা প্রতিমার কাঠামো গড়া থেকে শুরু করে মাটির কাজ, রং করা—সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন নিজেরাই। শুধু প্রতিমা তৈরি নয়, দেবীর চক্ষুদানের মতো গুরুত্বপূর্ণ কাজেও থাকছে মহিলা মৃৎশিল্পীর হাতের ছোঁয়া। ফলে এই পুজোয় মৃন্ময়ী দেবী যেন জীবন্ত নারীশক্তিরই প্রতিচ্ছবি।


Post A Comment:
0 comments so far,add yours