আর কয়েকদিন পরেই মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। বাতাসে তখন শরৎকালের শিউলি ফুলের গন্ধ আর ঢাকের বাদ্যির আমেজ।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই চারদিকে সাজো সাজো রব। আর এই শুভলগ্নের প্রাক্কালে সুন্দরবনের এক প্রত্যন্ত অঞ্চলের অষ্টম শ্রেণির ছাত্রী যা করে দেখাল, তা সত্যি তাক লাগানোর মতো।
কাকদ্বীপ ব্লকের অক্ষয়নগর শিবপুর এলাকার বাসিন্দা শুভশ্রী দাস। স্থানীয় কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির এই ছাত্রী বাড়িতে জমানো লক্ষ্মীর ভান্ডারের ৫,১২০ টাকা ভেঙে প্রায় ১,০০০টি কয়েন বা খুচরো পয়সা দিয়ে মা দুর্গার একটি অপূর্ব মূর্তি তৈরি করেছে। তার এই অনন্য সৃষ্টি এখন সমগ্র এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গেছে, শুভশ্রী সুন্দরবন আর্ট একাডেমির শিক্ষক দেবরাজ বেরার কাছে আঁকা শেখে। তার তৈরি এই দুর্গা মূর্তিটির মাপ বর্তমানে ৩ ফুট বাই আড়াই ফুট।
ছাত্রীর এই অভাবনীয় প্রতিভায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত তার পরিবার।পাশাপাশি শিক্ষক দেবরাজ বেড়াও ছাত্রীর এই সৃষ্টিশীলতায় ভূয়সী প্রশংসা ও খুশি প্রকাশ করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই শুভশ্রীর স্কুল ও পাড়ার বন্ধুরা তার তৈরি প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন এবং সকলেই তার শিল্পকলায় মুগ্ধ। উৎসবের মরশুমে ছোট হাতের জমানো খুচরো পয়সা দিয়ে দেবীর রূপদান করে শুভশ্রী প্রমাণ করে দিয়েছে যে, শিল্পের প্রতি অনুরাগ আর নিষ্ঠা থাকলে প্রতিকূলতাকে জয় করে তাক লাগানো সম্ভব।


Post A Comment:
0 comments so far,add yours