উপকূল রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল অঞ্চলে চলছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য সচেতনতামূলক কর্মসূচি—‘স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের যৌথ উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর দিঘায় আনুষ্ঠানিকভাবে এই রাজ্যব্যাপী অভিযানের সূচনা হয়েছিল।
এর পর রবিবার সাইক্লোথনের সফল সমাপ্তির পর, আজ কর্মসূচির তৃতীয় দিনে সাড়ম্বরে পালিত হলো ‘ফিট ইন্ডিয়া অভিযান’।আজকের এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশক্রমে গঙ্গাসাগরের ঐতিহাসিক কপিল মুনির আশ্রমের সামনে এক বিশাল যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার মেলবন্ধনে আয়োজিত এই যোগাভ্যাস কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কপিল মুনির আশ্রমের চত্বরে আয়োজিত এই যোগ শিবিরে বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর একটি বিশেষ ম্যারাথন দৌড় এবং ১৬ সেপ্টেম্বর ‘বিশ্ব ওজোন দিবস’ পালিত হবে। এরপর ১৭ সেপ্টেম্বর গঙ্গাসাগর ও বকখালির বিস্তীর্ণ উপকূলে বিরাট শপথ গ্রহণ অনুষ্ঠান ও মানববন্ধনের পাশাপাশি ১৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের নিয়ে ‘ওশান অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হবে। পরিশেষে, ১৯ সেপ্টেম্বর এক বিশাল মেগা পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। পরিবেশবিদদের মতে, এ ধরনের বহুমুখী উদ্যোগ উপকূল অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Post A Comment:
0 comments so far,add yours