বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী রবিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা উপকূলসহ বিস্তীর্ণ অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নড়েচড়ে বসল সাগর থানা প্রশাসন। 


শনিবার সাগর থানা এলাকার কচুবেড়িয়া ভেসেল ঘাটসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে মাইকিং করে সতর্কতা প্রচার করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে, আগামী বেশ কয়েকদিন দুর্যোগের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, এই সময়ে কোনোভাবেই যেন তারা সমুদ্রে না যান। যে সকল মৎস্যজীবী বর্তমানে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত সুরক্ষিতভাবে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাটির বাড়ি বা কাঁচা বাড়িতে বসবাসকারীদের ওপরও বিশেষ নজর রাখছে প্রশাসন। ওই সমস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুর্যোগের তীব্রতা বাড়লে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকার্যের জন্য সব রকম প্রস্তুতি রাখা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে সাগর থানা সূত্রে খবর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours