*বিষ্ণুপুর:* 'সেবাশ্রয়' ও 'সেবাশ্রয়-২' মেডিক্যাল ক্যাম্পে গুরুতর অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়েরের দাবি জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস, ওরফে ববি।
১ জুলাই ২০২৬ তারিখে বিষ্ণুপুর থানার আইসি-কে দেওয়া অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ওই ক্যাম্পগুলিতে আল্ট্রাসাউন্ড, পোর্টেবল এক্স-রে-র মতো নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক যন্ত্রপাতির ব্যবহারে বিধি ভাঙা হয়েছে। পাশাপাশি অননুমোদিত চিকিৎসা, অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগী দেখানো, ভুয়ো প্রেসক্রিপশন ও কনসালটেশন রেকর্ড, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি।
অভিযোগের কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-কেও পাঠিয়েছেন অভিজিৎ দাস। তাঁর দাবি, আয়োজকদের সরকারি প্রকাশনা, প্রচারপত্র, কনসালটেশন শিট, রেফারেল স্লিপ, ছবি, ভিডিও ও সরেজমিন পর্যবেক্ষণের ভিত্তিতে এই অভিযোগ।
বিজেপি নেতার বক্তব্য, প্রাথমিক তথ্যপ্রমাণেই চিকিৎসা সংক্রান্ত আইন ও রোগী সুরক্ষার বিধি লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট। তাই অবিলম্বে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
বিষ্ণুপুর থানা সূত্রে খবর, ১ জুলাই অভিযোগপত্রটি গৃহীত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours